Logo Logo

কাশিয়ানীতে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামে মধুমতি নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। নদীভাঙনে ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরও শত শত বিঘা আবাদি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। দ্রুত ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।


বিজ্ঞাপন


পাংখারচর গ্রামের বাসিন্দা জামাল হোসেন (৪৫)। নিজের তিন বিঘা জমির পাশাপাশি অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন তিনি। সাত বিঘা জমির ফসলের ওপর নির্ভর করেই চলত তাঁর সংসার। কিন্তু মধুমতি নদীর ভাঙনে ইতোমধ্যে তাঁর চার বিঘা জমি বিলীন হয়ে গেছে। বাকি জমিটুকুও যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তিনি।

শুধু জামাল হোসেন নন, মধুমতির ভাঙনে পাংখারচর গ্রামের অসংখ্য কৃষক ইতোমধ্যে তাঁদের আবাদি জমি হারিয়েছেন। এখন আরও কয়েক শ কৃষক জমি হারানোর আতঙ্কে রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। ভাঙন অব্যাহত থাকায় নদীতীরবর্তী এলাকায় থাকা আরও শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এসব জমির কোথাও বোরো ও আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ রয়েছে। চোখের সামনে ফসলি জমি নদীতে বিলীন হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষক আমিনুর রহমান বলেন, ‘ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারব না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

কৃষক মো. মনিরুজ্জামান বলেন, ‘চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে যাচ্ছে। কিন্তু কিছুই করতে পারছি না। এই জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীতে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি। জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব? নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জমিগুলো রক্ষা করা হোক।’

এ বিষয়ে গোপালগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই এবং এ বছর পর্যাপ্ত বরাদ্দও নেই। আগামীতে বরাদ্দ পেলে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নদীভাঙন অব্যাহত থাকায় পাংখারচর গ্রামের কৃষকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অবশিষ্ট ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটও মধুমতির করাল গ্রাসে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...