বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবসহ অন্যরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইবুর রহমান।
এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, বিভিন্ন আদালতের আইনজীবী, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘নীলফামারী ল’য়ার্স ইউনাইটেড’ ও ‘ডোমার ল’য়ার্স অ্যাসোসিয়েশন’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় অ্যাডভোকেট মোস্তাফিজের করা একমাত্র গোলে জয় পায় নীলফামারী ল’য়ার্স ইউনাইটেড।
মাঠে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য এবং উপস্থিত আইনজীবীদের উচ্ছ্বাসে পুরো মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার চর্চা আইনজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তারা প্রত্যাশা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...