বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, কলাপাড়া পৌর শহরের গোলাপবাগ এলাকায় অবস্থিত কলাপাড়া আইডিয়াল স্কুলের অবস্থা বেশ নাজুক। প্রতিষ্ঠানটিতে অধিকাংশ দিনই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসানো হচ্ছে তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষক থাকলেও তাঁদের অধিকাংশই নিয়মিত উপস্থিত থাকেন না। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
শুধু কলাপাড়া আইডিয়াল স্কুল নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত অধিকাংশ বেসরকারি মালিকানাধীন বিদ্যালয়ের চিত্রও প্রায় একই বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এসব প্রতিষ্ঠানে সেশন ফি ও মাসিক বেতন অনেক বেশি। অথচ শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এমনকি বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও নেই। প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি বিদ্যালয়ের পাশে পানির ডোবা ও খাল থাকায় মশার উপদ্রব বাড়ছে। তাঁদের আশঙ্কা, এসব স্থানে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হওয়ায় শিক্ষার্থীরা ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে বিদ্যালয়টি বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে গোলাপবাগ এলাকায় টিন দিয়ে তৈরি স্থাপনায় চলছে এর কার্যক্রম। তবে প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। শিক্ষকরা প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ের পাশের খাল থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার উপদ্রবও রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
এ বিষয়ে কলাপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রেজা বলেন, ‘আমরা পাঠদানের অনুমতির জন্য আবেদন করেছি। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বই সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে সরবরাহ করে দেওয়া হয়।’
উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, ‘কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মাণ ও পাঠদানের কোনো অনুমোদন নেই। বর্তমানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে নতুন বিদ্যালয়ের স্থাপনা নির্মাণ ও পাঠদানের অনুমতি দেওয়ার নিয়ম নেই। এ ক্ষেত্রে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাঁদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারে না। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, কলাপাড়া আইডিয়াল স্কুল নামের প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়েই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘কলাপাড়া উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে অবৈধ পাঠদান কার্যক্রম পরিচালনা করছে, খুব শিগগিরই সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...