Logo Logo

নোয়াখালীর অশ্বদিয়ায় জমি দখলের অভিযোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে


Splash Image

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।


বিজ্ঞাপন


লিখিত বক্তব্যে রুবেল জানান, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে ফারুকের বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রাখা হয়েছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং অসুস্থ কাউকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংবাদ সম্মেলনে রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ নেতা বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

আবদুল্লা আল ফারুকের রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে রুবেল দাবি করেন, ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি নিজেও দলটির অর্থদাতা হিসেবে কাজ করেছেন। সাবেক স্ত্রীর দায়ের করা একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইয়ের মাধ্যমে চাপ প্রয়োগ করে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নেন ফারুক। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজনও করেছিলেন তিনি। এমনকি ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে রুবেল অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং এলাকায় আধিপত্য বিস্তারে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে একাধিকবার দল থেকে বহিষ্কার করিয়েছেন। এ ছাড়া গত ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন ফারুক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধ ও দখলদারিত্বকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর অশ্বদিয়াতেও দীর্ঘদিনের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনায় রূপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই পৈতৃক জমি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি নোয়াখালী-৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির শীর্ষ নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুক সব অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই, বরং রুবেলের কাছেই তাদের আরও বেশি জমি পাওনা রয়েছে। তিনি দাবি করেন, রুবেলের সঙ্গে তার কোনো বিরোধ নেই; মূলত তার জেঠাতো ভাই মজনুর সঙ্গে রুবেলের বিরোধ চলছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল তাতে বাধা দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে রুবেলকে দিয়ে এসব মিথ্যা অভিযোগ করানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...