Logo Logo

বাকৃবিতে ছাত্রশিবিরের নবীন বরণ, অংশ নিলেন আট শতাধিক শিক্ষার্থী


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের আট শতাধিক শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স প্রদান করা হয়। আয়োজনে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি পৃথক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জন, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল, উচ্চশিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দ্বিতীয় প্যানেল আলোচনায় সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফলতা অর্জন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং নৈতিক ও ব্যক্তিত্ব গঠনের বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সংগঠনটির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই জাতি আবারও প্রমাণ করেছে, আমরা ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াই করেছি, কখনো মাথা নত করিনি। আমরা এখনো কারও কাছে মাথা নত করব না।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু এ দেশের মানুষ কখনো চুপ করে বসে থাকেনি। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ ও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষ এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা রাখে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, শুধু একটি আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনা যথেষ্ট নয়; বরং দেশ গড়তে হলে প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কাজ করতে হবে। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য হিসেবে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর প্রকাশ্য ও গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরও ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের কল্যাণমূলক ও একাডেমিক নানা কর্মসূচির মাধ্যমে সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...