Logo Logo

টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রবেশের তিনটি গেট এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর সমাধিসৌধে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সেটি খুলে দেন। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

পরে মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করে। সেখানে সমাধিসৌধের তিনটি গেট খুলে দিয়ে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতাকর্মীরা।

শপথবাক্যে তাঁরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যালয় খুলেছেন, যাতে নেতাকর্মীরা সেখানে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ।

তিনি আরও বলেন, অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসনকে ব্যবহার করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে দিয়েছিল। আজ থেকে সমাধিসৌধ ও দলীয় কার্যালয় সবার জন্য উন্মুক্ত। টুঙ্গিপাড়া থেকেই সারা দেশে আন্দোলনের সূচনা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...