Logo Logo

শিরোপা উৎসবের মাঝেই জ্ঞান হারালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা


Splash Image

দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসর ‘কোপা সুদামেরিকানা’র শিরোপা জিতেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স। ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে উল্লাসে মাতে দলটি। তবে শিরোপা উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর উদ্বেগে, যখন ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।


বিজ্ঞাপন


ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় ক্রীড়া মাধ্যম ‘ডি-স্পোর্টস’-কে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে টানেলের ভেতর পড়ে যান পারেদেস। তাৎক্ষণিকভাবে মেডিকেল টিম ছুটে এসে তাকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ফাইনালের ভেন্যু কলম্বিয়ার বারানকুইলা শহরের তীব্র ও অসহনীয় গরমের কারণেই মূলত ডিহাইড্রেশন বা ক্লান্তিতে জ্ঞান হারিয়েছিলেন ৩২ বছর বয়সী এই তারকা।

প্রাথমিক চিকিৎসার পর অবশ্য কিছুটা সম্বিৎ ফিরে পান পারেদেস এবং কারও সাহায্য ছাড়াই ধীরে ধীরে হেঁটে বোকা জুনিয়র্সের ড্রেসিংরুমের দিকে যান। তবে কোনো ঝুঁকি না নিয়ে শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। দলের অন্যতম সেরা তারকার এমন আকস্মিক অসুস্থতায় পুরো বোকা জুনিয়র্স শিবিরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, যার ফলে আর্জেন্টিনার উদ্দেশে দলটির নির্ধারিত ফিরতি ফ্লাইটও বেশ কিছুক্ষণ বিলম্বিত হয়।

ক্লিনিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েক ঘণ্টা পর ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা দূর করেন পারেদেস নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি, এগিয়ে চলো বোকা! আজ এবং সবসময়।’ তার এই বার্তায় স্বস্তি ফিরে আসে আর্জেন্টাইন ও বোকা জুনিয়র্স সমর্থকদের মাঝে।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচ চলাকালীনই প্রচণ্ড গরমে শারীরিক অস্বস্তি বোধ করছিলেন পারেদেস এবং নিজে থেকেই মাঠ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ম্যাচ শেষে শিষ্যের এমন পেশাদারিত্ব ও সততার ভূয়সী প্রশংসা করে বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা বলেন, প্রথমার্ধের শেষ দিকেই প্রচণ্ড গরমে পারেদেস ক্লান্ত হয়ে পড়েছিলেন। বিরতির পর মাঠে নামলেও দশ মিনিটের মাথায় বল নিয়ে উইংয়ে দৌড়াতে তার বেশ কষ্ট হচ্ছিল, তাই দলের স্বার্থেই তিনি নিজে থেকে বদলি হওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...