বিজ্ঞাপন
সম্প্রতি ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সাময়িকী উইজডেনের ‘দ্য স্কুপ’ পডকাস্ট অনুষ্ঠানে ক্যারিয়ারের অজানা নানা ঘটনার স্মৃতিচারণ করেন শোয়েব আখতার। ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। মামুলি এই পুঁজি নিয়েই ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন শোয়েব।
ম্যাচের সেই উত্তেজনাকর মুহূর্তের বর্ণনা দিয়ে শোয়েব জানান, তার একটি বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ব্রায়ান লারা, যা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। প্রতিশোধ নিতেই পরের ডেলিভারিতে ভয়ঙ্কর গতির এক বাউন্সার ছুড়ে বসেন শোয়েব। বলটি সরাসরি লারার হেলমেটের ঠিক নিচে ঘাড়ের অংশে আঘাত হানে। সঙ্গে সঙ্গেই পিচে লুটিয়ে পড়েন ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস। গুরুতর আঘাত পাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার জন্য হাসপাতালেও নেওয়া হয়েছিল।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যাটারকে আহত করলেও জীবনে মাত্র দু’বার বল ছুড়ে প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলে জানান শোয়েব। সেই দুই ব্যাটার হলেন ব্রায়ান লারা ও ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। শোয়েব বলেন, অস্ট্রেলিয়া, ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ—বিশ্বের যেখানেই তিনি যেতেন, প্রতিপক্ষ ড্রেসিংরুমের খেলোয়াড়েরা মজা করেই বলতেন, ভাই, আমাদের মেরে ফেলবেন না।
লারাকে আঘাত করার সেই মুহূর্তের মানসিক অবস্থা তুলে ধরে শোয়েব আখতার বলেন, ব্রায়ান লারা চার মারার পরই তিনি নিজের মুখ চেপে ধরেছিলেন এবং মনে মনে বলছিলেন যে লারা এবার ভেতরের এক ভয়ঙ্কর দানবকে জাগিয়ে তুলল। তিনি জানতেন, রাগের মাথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং লারাকে আঘাত করবেনই। কিন্তু বলটি যখন লারার ঘাড়ে গিয়ে লাগে, তখন বুক কেঁপে ওঠে তার। শোয়েবের ভাষায়, জীবনে অন্য কোনো কিছুতে তিনি কখনও ভয় পাননি, তবে শচীন ও লারাকে আঘাত করার পর প্রচণ্ড ভয় পেয়েছিলেন। কারণ তিনি জানতেন তার বলের গতি কতটা প্রাণঘাতী হতে পারে; সেদিন লারার বড় কোনো ক্ষতি হয়ে গেলে তিনি নিজেকে কখনও ক্ষমা করতে পারতেন না।
অতীতের সোনালি দিনের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান বিশ্ব ক্রিকেট ও পাকিস্তান দলের বেহাল দশা নিয়েও ক্ষোভ ঝাড়েন এই কিংবদন্তি। তার মতে, আইসিসির ব্যাটার-বান্ধব নিয়মকানুন এবং দুটি নতুন বল ব্যবহারের ফলে গত দুই দশকে ক্রিকেট ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান পাকিস্তান দলে বাবর আজমের মতো ভালো ব্যাটার থাকলেও কোনো সত্যিকারের ‘নায়ক’ বা সুপারস্টার তৈরি হচ্ছে না বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ২০০৪ সালের রাওয়ালপিন্ডি টেস্টের একটি স্মৃতি টেনে শোয়েব আখতার বলেন, সেদিন ভারতের বিপক্ষে তার বোলিং দেখাতে মাঠে দুই সন্তানকে নিয়ে এসেছিলেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ইমরান তার সন্তানদের আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, ওই ছেলেটিকে দেখো, সে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার। অথচ আজ পাকিস্তানের এমন কোনো বোলার বা ক্রিকেটার নেই, যাকে তিনি নিজের সন্তানদের কাঁধে তুলে মাঠে নিয়ে গিয়ে দেখাতে পারেন।
নিজের সন্তানদের ক্রিকেটের প্রতি চরম অনীহার কথা জানিয়ে আক্ষেপের সুরে শোয়েব বলেন, তিনি নিজে দেশের একজন জাতীয় বীর হওয়া সত্ত্বেও তার সন্তানেরা ক্রিকেট অনুসরণ করে না। এমনকি তার ছেলে তাকে সরাসরি বলে দিয়েছে, বর্তমান পাকিস্তান দলে তারা কোনো ধরনের আগ্রাসন বা লড়াইয়ের মানসিকতা দেখতে পায় না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...