Logo Logo

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা


Splash Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনের নতুন তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

​উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি জানান, সমাবর্তনের পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারি তারিখে সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে তারিখটি পুনঃনির্ধারণ করে ২১ জানুয়ারি ২০২৭ করা হয়েছে। সকলের সহযোগিতায় নির্ধারিত সময়ে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন ও সম্মাননার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান উপাচার্য। এর মধ্যে যেসব সাবেক শিক্ষার্থী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের রাষ্ট্রপতি পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট হিসেবে গণ্য করা হয়েছে এবং প্রতিটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এই পদক দেওয়া হবে। মেধা ও একাডেমিক উৎকর্ষের যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফলে উৎসাহিত হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বাস করে।

​আয়োজন প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক এবং অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখতে এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী জানান, ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ৪,২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন। তিনি সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাফল্যের খবর দেশবাসীর কাছে তুলে ধরতে সাংবাদিকদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...