Logo Logo

বাকেরগঞ্জে কৃষি কর্মকর্তাদের স্বচ্ছতা ও উৎপাদন বাড়াতে এমপির কড়া বার্তা


Splash Image

বাকেরগঞ্জে কৃষি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাকেরগঞ্জের বাইরে থেকে যেন কোনো ফসল বা শাকসবজি না আসে, সে জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। অনুষ্ঠানে কৃষি ও কৃষকদের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার; কৃষি ও কৃষকদের সার্বিক উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক। কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থার এই যুগেও আমাদের উপজেলার বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করতে হয়, যা দুঃখজনক।

উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংসদ সদস্য বলেন, নির্দিষ্ট কিছুসংখ্যক কৃষক ছাড়া আপনাদের সাধারণ কৃষকরা চেনেন না। আপনারা হাতে গোনা কয়েকজন কৃষককে নিয়ে ফটোসেশন করেই দায়িত্ব শেষ করেন; অথচ কৃষির উন্নয়নে উৎপাদন বাড়াতে সরকার আপনাদের পেছনে মাসে লাখ লাখ টাকা বেতন দেয়। এর বিনিময়ে কোনো ফিডব্যাক নেই, এই ধারা চলতে পারে না।

এ সময় তিনি উপজেলায় কর্মরত সব উপ-সহকারী কৃষি কর্মকর্তার নামের তালিকা ও বেতন শিট তলব করেন। একই সঙ্গে শুধু বেতন নেওয়ার মানসিকতা পরিহার করে সরাসরি কৃষকদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে কঠোর নির্দেশনা দেন।

উল্লেখ্য, আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৩৩ শতক জমিতে আবাদের জন্য ৮ কেজি করে খেসারি ডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকগণ।

প্রতিবেদক- জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...