বিজ্ঞাপন
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি রাজপথে কর্মসূচি পালন করছে। যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে বিএনপি।
দলটির দায়িত্বশীল নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলা করতে বিএনপি মাসব্যাপী একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে কর্মসূচির নামে নানা নাশকতামূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং কেন্দ্রীয়ভাবে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে বড় ধরনের নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির হাইকমান্ড।
বিজয়ের মাসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হিসেবে ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী উদ্বোধনী বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে মাসব্যাপী মিছিল ও সমাবেশ চলবে।
তৃণমূলে বিশেষ টিম ও সংসদ সদস্যদের অবস্থান
রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসন ও নেতাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে ঢাকার প্রবেশমুখের জেলাগুলো-গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নেতাদের বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে, যাতে কেউ ঢাকায় প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।
পাড়ামহল্লায় পাহারা ও সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতা-কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নাশকতার বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ নিচ্ছে এবং গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে-কেউ নাশকতা বা অগ্নিসংযোগের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের ধরে সরাসরি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...