Logo Logo

নীলফামারীতে ধানের শীষের পক্ষে জাতীয় পার্টির সংহতি, তুহিনকে উষ্ণ অভ্যর্থনা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-২ (সদর) আসনে এক ব্যতিক্রমী রাজনৈতিক ঐক্যের চিত্র ফুটে উঠেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে প্রচারণা, সমর্থন ও সংহতি প্রকাশ করেছে জেলা জাতীয় পার্টিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে সদরের বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে তুহিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান রশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ।

সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোনো বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে তারা কাঁধে কাঁধ রেখে জনগণের দোরগোড়ায় পৌঁছাবেন এবং ধানের শীষের প্রচারণা চালাবেন। একইসঙ্গে দলমত নির্বিশেষে সর্বসাধারণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলায় রূপান্তর করতে চাই।” তিনি আগামী নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

ব্যতিক্রমী এই আয়োজনে আবেগাপ্লুত হয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে। জাতীয় পার্টির এই সমর্থন ও আন্তরিকতায় আমি অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির আহ্বায়ক তৌহিদা জ্যোতি, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য দুলু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতি আহ্বায়ক মমিনুর রশিদ সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম লিখন, জাতীয় শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক বজলার রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দুই দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...