Logo Logo

বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন


Splash Image

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় জলাভূমি রক্ষা ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ‘জলাভূমি ও ঐতিহ্যবাহী জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জীনতলা গ্রামের কয়েকশ’ বছরের পুরনো জলাশয় ফেয়ার খাল রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জেলে, কৃষক ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সিএনআরএসের ফিসনেট প্রকল্পের প্রতিনিধি নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী, বাদল সরদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কয়েকশ’ বছরের পুরনো এই ফেয়ার খাল একসময় রান্না, কৃষিকাজসহ মানুষের দৈনন্দিন নানা প্রয়োজনে ব্যবহৃত হতো। কিন্তু অব্যবস্থাপনা ও দখলের কারণে আজ এটি প্রায় ইতিহাসে পরিণত হয়েছে। দ্রুত এই খাল পুনরুদ্ধারসহ পাথরঘাটা পৌর এলাকার সকল দিঘি ও জলাভূমি উদ্ধার এবং পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, “ধরিত্রীর ভারসাম্য রক্ষায় জলাভূমি সংরক্ষণ এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এটি এখন মৌলিক অধিকার। বিগত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষায় আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।”

উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, “পানি ছাড়া যেমন জীবন অচল, তেমনি জলাশয় ছাড়া পরিবেশও টেকসই হতে পারে না। তাই আমরা জলাশয় উন্মুক্ত ও সংরক্ষিত দেখতে চাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...