Logo Logo

পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে যা বলছে ভারত


Splash Image

ছবি: সংগৃহীত

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল সরকার। এই ঘোষণার প্রায় ১৭ ঘণ্টা পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, এই ইস্যুতে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের সঙ্গে একমত। রাজীব বলেন, “আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে এবং তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে সহমত। তবে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত বিসিসিআই এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।”

তার বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে বিসিসিআই এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আইসিসি চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বোর্ডের এই অবস্থানের পেছনে রয়েছে কৌশলগত কারণ। এর আগে পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি আয়োজক দেশ হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছিল ভারত। এরপরও পাকিস্তান ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি আইসিসির সঙ্গে মেটানো উচিত বলে মনে করছে বিসিসিআই।

এর আগে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তারা বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি জানায়, জাতীয় নীতির বিষয়ে তারা সংশ্লিষ্ট দেশের সরকারের অবস্থানকে সম্মান করে। তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। আইসিসির মতে, ‘বাছাই করা ম্যাচ খেলার’ অবস্থান আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।

একই সঙ্গে পিসিবিকে নিজেদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে আইসিসি আশা প্রকাশ করেছে, পাকিস্তান তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকেছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...