Logo Logo

গোপালগঞ্জে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের বিশাল শোডাউন


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির এক নজরকাড়া শোডাউন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থনে এই বিশাল মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যান মিছিল বের করা হয়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোডাউনে নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রাম থেকে প্রায় দেড় হাজার ব্যাটারিচালিত ভ্যান এবং দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। শোডাউনটি মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

পুরো শোভাযাত্রা জুড়েই নেতা-কর্মীদের কণ্ঠে ‘ধানের শীষের বিজয় চাই’ ও ‘গণতন্ত্র ফিরে দাও’ সহ নানা স্লোগান অনুরণিত হয়। শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর বাজারের চৌরঙ্গী মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

বিশাল এই শোডাউনে জেলা ও দুই উপজেলার প্রায় ১০ হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। বহরে ভ্যান ও মোটরসাইকেলের পাশাপাশি অসংখ্য মাইক্রোবাস ও প্রাইভেটকারও দেখা যায়। নির্বাচনী এই আমেজ স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সহ-সভাপতি নুরে আলম তোতা এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।

এছাড়া মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...