বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বন্দর ভবনে উপদেষ্টার প্রবেশকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সরাসরি ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বন্দর চেয়ারম্যান তাকে সঙ্গে নিয়ে গাড়িবহরে করে বন্দর ভবনের উদ্দেশে রওনা দেন। পৌনে ১১টার দিকে উপদেষ্টাকে বহনকারী গাড়ি কাস্টমস মোড়ে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনে-পেছনে পুলিশের নিরাপত্তা গাড়ি ছিল।
উপদেষ্টার চট্টগ্রাম বন্দরে আগমনের খবর পেয়ে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শত শত শ্রমিক-কর্মচারী ৪ নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড় এবং আশপাশের এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষীরা অন্যান্য দিনের তুলনায় বাড়তি সতর্ক অবস্থানে ছিলেন।
গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা চারদিক থেকে এগিয়ে এসে স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টার গাড়ি আটকে দেন। তাদের মুখে ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা—হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক’, ‘মা-মাটি-মোহনা—বিদেশিদের দেব না’সহ নানা স্লোগান শোনা যায়। অনেকে গাড়ির সামনে গিয়ে ‘ভুয়া, ভুয়া’, ‘দালাল, দালাল’ বলেও স্লোগান দেন।
প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িবহরকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যেতে সক্ষম হয়। মূলফটক দিয়ে গাড়ি প্রবেশের পর সেটি বন্ধ করার চেষ্টা করা হলেও শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে ঢুকে পড়েন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে প্রবেশের সময়ও শ্রমিকরা স্লোগান অব্যাহত রাখেন। এসময় পুলিশ ও বন্দরের নিরাপত্তারক্ষীদের কড়া পাহারায় তাকে দ্রুত ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পরে লিফটে করে উপরের তলায় উঠতে দেখা যায়।
বন্দর ভবনে পৌঁছে নৌপরিবহন উপদেষ্টা চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও পুরোপুরি বন্ধ রয়েছে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম। বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ রয়েছে। জেটিতে পণ্য খালাসের জন্য আসা বেশ কয়েকটি জাহাজ আটকে আছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং আন্দোলন দমাতে হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...