Logo Logo

কুকি-নাগা দাঙ্গায় ফের উত্তপ্ত মণিপুর, বাড়িঘরে অগ্নিসংযোগ


Splash Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার মাত্র চার দিনের মাথায় আবারও ভয়াবহ জাতিগত দাঙ্গা শুরু হয়েছে। এবার রাজ্যের উখরুল জেলায় কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রবিবার উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এই ঘটনার জেরে সন্ধ্যা থেকেই নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং অন্তত ২৩টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার সন্ধ্যা ৭টা থেকে লিতান ও সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

মণিপুরের এই নতুন অস্থিরতা এমন এক সময়ে শুরু হলো যখন দীর্ঘ এক বছরের রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে গত ৪ ফেব্রুয়ারি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং।

এর আগে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া মেইতেই ও কুকি জনগোষ্ঠীর দাঙ্গায় এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

দীর্ঘস্থায়ী সেই সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা শুরু হওয়া মণিপুরের শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...