Logo Logo

তাহিরপুরে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় জনসমুদ্র


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে নিজেদের শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির শেষ নির্বাচনী জনসভাটি এক ঐতিহাসিক গণজোয়ারে রূপ নেয়।

বিশাল এই জনসভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠের কানায় কানায় লোক পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ আশপাশের সড়ক, বসতবাড়ির ছাদ এবং গাছের ডালে উঠে নেতাদের বক্তব্য শোনেন। পুরো বাদাঘাট এলাকা এদিন ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি তার বক্তব্যে বলেন, বাদাঘাটের এই জনসমুদ্রই প্রমাণ করে যে দেশে আর ভোট ডাকাতি চলবে না এবং স্বৈরাচারী শাসনের বিদায় ঘণ্টা বেজে গেছে।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে হুঙ্কার দিয়ে বলেন, এই নির্বাচন জনগণের অস্তিত্বের লড়াই। গত কয়েক বছর হাওরাঞ্চল যে অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে, ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। তিনি নেতাকর্মীদের প্রতিটি ভোটকেন্দ্রে কড়া পাহারা বসানোর নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক বলেন, বর্তমান সময়ে কৃষক সমাজ চরমভাবে বঞ্চিত। জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধিতে দিশেহারা কৃষকের মুক্তির একমাত্র প্রতীক এখন ধানের শীষ।

যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনও সভায় বক্তব্য রাখেন। তারা জানান, এই নির্বাচনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে, তাই জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ছিনিমিনি বরদাশত করা হবে না।

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সালমা নজির, নিজাম উদ্দিনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জনাব জুনাব আলী।

জনসভার শেষ পর্যায়ে উপস্থিত হাজার হাজার মানুষ 'ভোট দিবো কিসে?—ধানের শীষে' স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। স্থানীয় নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, এই জনসমর্থনই বলে দিচ্ছে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...