Logo Logo

নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে র‍্যাব–সেনাবাহিনীর যৌথ মহড়া


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বিজ্ঞাপন


সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নীলফামারী সদর উপজেলায় র‍্যাব, সেনাবাহিনী ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এক বিশাল যৌথ মহড়া পরিচালিত হয়েছে।

মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও সক্ষমতার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। মহড়ার একপর্যায়ে দেখানো হয় যে, কোনো দুষ্কৃতকারী চক্র নির্বাচন বানচালের চেষ্টা করলে র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা কতটা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম। তাৎক্ষণিক অভিযানে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটকের দৃশ্য প্রদর্শনের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরা হয়।

এই যৌথ মহড়া পরিদর্শন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও অধিনায়ক ৭ বীর রিফাত, র‍্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক আমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ঝুঁকি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কোনো আপস করা হবে না।

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের কথা উল্লেখ করে কর্মকর্তারা জানান, দুর্গম এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি স্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক আমিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন নির্বাচন ও গণভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাবসহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম বর্তমানে জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...