Logo Logo

কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পিতার আত্মসমর্পণ


Splash Image

নিহত শুভ।

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলের অতিষ্ঠ ও প্রাণনাশের হুমকিতে নিজ সন্তানকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আব্দুল বারেক খান (৫৫) নামে এক পিতা।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। ইতিপূর্বে তিনি এলাকাবাসীকেও কুপিয়ে জখম করেছেন, যার ফলে পুরো এলাকায় তার অত্যাচারে আতঙ্ক বিরাজ করছিল।

ঘটনার দিন সকালে শুভ তার পিতার কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং দাবি পূরণ না হওয়ায় বসতঘর ভাঙচুর করেন। সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফিরে মাকে হুমকি দেন যে, টাকা না দিলে ওই রাতেই মা-বাবা দুজনকে জবাই করা হবে। প্রাণভয়ে মা খুশি বেগম স্বামী বারেক খানের পরামর্শে অন্য ঘরে রাত কাটান।

রাত ৩টার দিকে পিতা আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান এবং আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বারেক খানকে আটক করে।

এই ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অফিসার ইনচার্জ আবু নাছের রায়হানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে শুভর অত্যাচারে তার পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ ছিল। হত্যার হুমকি ও টাকা না পেয়ে ঘর ভাঙচুরের ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়েই পিতা এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি অধিকতর তদন্ত করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...