Logo Logo

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর


Splash Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল ও ভোট গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।


বিজ্ঞাপন


শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া এক লিখিত চিঠিতে তিনি এই দাবি জানান।

অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং এবং প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছেন। অনেক কেন্দ্রে ফলাফল আটকে রাখা এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, অনেক ভোটকেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো অবৈধভাবে ‘ধানের শীষ’ প্রতীকের অনুকূলে গণনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার সরাসরি জড়িত ছিলেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। রিটার্নিং অফিসার নিয়মবহির্ভূতভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন বলেও তার দাবি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি ধানের শীষের প্রাপ্ত ভোট থেকে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করেছেন।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পুনরায় ভোট গণনা ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই আসনের নবনির্বাচিত প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান যেন বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...