Logo Logo

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন


Splash Image

ছবি : সংগৃহীত।

নতুন শিক্ষামন্ত্রী এ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও কম থাকা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, “রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। তবে ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তাহলে তা হতাশাজনক।” তিনি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম থাকার বিষয়টিও উল্লেখ করেন। “নেপাল ও শ্রীলঙ্কার তুলনায় আমাদের শিক্ষাবাজেট কম। বড় জ্ঞানী না হলেও বোঝা যায়, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি,” বলেন তিনি।

এনিয়ে মন্ত্রী বলেন, অতীতে শিক্ষা খাতকে যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে বাজেটে জিডিপির অনুপাতে বরাদ্দ প্রায় দুই শতাংশের কাছাকাছি সীমিত রয়েছে। “এটি পাঁচ বা ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন,” যোগ করেন তিনি।

কারিকুলাম নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, “বাংলাদেশে বিভিন্ন সময়ে পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে হতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল বন্ধ’ ও শিক্ষায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিকমানে উন্নীত করাই আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য, বাংলাদেশের শিক্ষা ও গবেষণাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে উন্নত দেশগুলোও আমাদের মূল্যায়ন করবে। দেশের নেতৃত্বে থাকা তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করতে চাই। সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি সম্ভব। শিক্ষা ব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...