ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে। সেখানে কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি তারকা ফুটবলার সামিত সোম–এর ছবি ব্যবহার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ভিন্ন ভাষায় একই আবেগ’, সঙ্গে ছিল ফুটবল ও ভালোবাসার ইমোজি। ছবিতে বাংলা ভাষায় ফুটে ওঠে— ‘ফুটবলই আমাদের ভাষা’।
পোস্টটি প্রাইভেসি ‘কাস্টম’ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, ফলে এটি মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান। বাংলা ভাষা ও ফুটবলের আবেগকে এক সুতোয় গেঁথে ফিফার এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জাতীয় দলে অংশগ্রহণের প্রবণতাও আলোচনায় রয়েছে। যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরী–এর পথ ধরে আরও কয়েকজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। বিশ্ব ফুটবলে লাল-সবুজের প্রতিনিধিত্বের এই ধারাবাহিকতার প্রতীকী প্রতিফলন হিসেবেই ফিফার পোস্টে সামিত সোমের উপস্থিতিকে দেখছেন অনেকে।
এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্বরাও। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে।’
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংগঠনটি লিখেছে, ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...