Logo Logo

হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, আছেন নিবিড় পর্যবেক্ষণে


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তার স্বামী অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় ‘শক’ অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়েছিল। সংকটময় মুহূর্তে যারা রক্ত দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অস্ত্রোপচার সফল হলেও বর্তমানে ডা. মিতু নতুন কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ দেখা দিয়েছে এবং ডি-ডাইমার, লিভার এনজাইমসহ বিভিন্ন পরীক্ষার সূচক আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এছাড়া নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে নিয়মিত ইনসুলিন দেওয়া হচ্ছে।

বর্তমানে অক্সিজেন সাপোর্ট ছাড়া তার শরীরে অক্সিজেনের মাত্রা (স্যাচুরেশন) কমে যাচ্ছে বলে জানিয়েছেন তার স্বামী। ফুসফুসে সংক্রমণের কারণে সংক্রমণ ঝুঁকি এড়াতে আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গত দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তার প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

ডা. মিতুর অসুস্থতায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপি ডায়াস্পোরা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার জানান, অপারেশনের আগে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং দলীয়ভাবে তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিকিৎসকদের ধারণা, ডা. মিতুর শারীরিক অবস্থা স্বাভাবিক হতে আরও অন্তত চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। তার স্বামী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...