Logo Logo

তেল সংকট ও নিরাপত্তাহীনতা

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প


Splash Image

জ্বালানি তেলের তীব্র ঘাটতি এবং পাম্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে দেশের সকল পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় এই আশঙ্কার কথা জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তেলের সরবরাহ এতটাই কম যে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালন করতে গিয়ে পাম্পের কর্মীরাও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন। পর্যাপ্ত সরবরাহ না পাওয়া গেলে পাম্পগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়বে বলে বার্তায় উল্লেখ করা হয়।

পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও প্রশাসন কার্যত উপেক্ষা করছে। ফলে পাম্পগুলোতে তেল বিক্রির সময় চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে মোটরসাইকেল চালকরা দিনে ১০ বার পর্যন্ত তেল নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছেন। আবার অনেকেই ট্যাংক আংশিক পূর্ণ থাকা সত্ত্বেও বারবার তেল নিতে আসছেন, যার ফলে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। সংগঠনটি এই পরিস্থিতিকে এক ধরনের ‘লুটতরাজ’ হিসেবে অভিহিত করেছে।

এছাড়া গভীর রাতে পাম্পে সংঘবদ্ধ হামলা ও জোরপূর্বক তেল ছিনিয়ে নেওয়ার ঘটনাও বাড়ছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার উদাহরণ টেনে জানানো হয়, সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এমনকি ঈদের আগের দিন রাতে অনেক পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য সংরক্ষিত সামান্য তেলও জোর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকারগুলো পথে লুট হওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে।

এমন চরম নিরাপত্তাহীনতা ও জ্বালানি সংকটের মুখে সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, পাম্পগুলোতে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ডিপো থেকে তেল উত্তোলন ও ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...