Logo Logo

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "আজকের এই দিনে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাঁরা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। ফিলিস্তিনের মতো জাতিগুলো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা। মুক্তিযুদ্ধের সময় যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়েছিল এবং বর্তমানে যে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় রয়েছে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।"

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আবেগপ্লুত কণ্ঠে বলেন, "এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের বীর সন্তানদের আমরা আজ ভুলতে বসেছি। আমরা যদি তাঁদের ত্যাগ মনে রাখতাম, তবে ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত হতাম না। সার্বভৌমত্ব রক্ষায় এবং একটি উন্নত দেশ গড়তে আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না।"

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান তাঁর বক্তব্যে বলেন, "১৯৫২-র ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের এই অঞ্চলে যে জাগরণ তৈরি হয়েছিল, তার চূড়ান্ত রূপ হলো মহান মুক্তিযুদ্ধ। তবে দুঃখের বিষয়, আজও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পুরোপুরি নির্ধারিত হয়নি। ইতিহাস নির্ধারিত না হলে জাতির সঠিক দর্শন গড়ে ওঠে না। তাই দল-মত নির্বিশেষে আমাদের সহনশীল হতে হবে এবং নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।"

সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহাম্মদ রবি উল্লাহ, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব এবং রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...