Logo Logo

“বোর্ডের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে কোনো সংকট নেই”- আমিনুল ইসলাম বুলবুল


Splash Image

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশগ্রহণ করেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল—এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এবার এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


বিজ্ঞাপন


সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণভাবে সরকারের। বিসিবি সেই সিদ্ধান্ত মেনেই এগিয়েছে। বুলবুল বলেন, “এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার।” তার এই মন্তব্যে বোঝা যায়, ব্যক্তিগতভাবে দলকে বিশ্বকাপে দেখতে চাইলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

আইসিসির সঙ্গে বোর্ডের সম্পর্ক নিয়ে থাকা টানাপোড়ন নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সব জটিলতা কেটে গেছে। “আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। আমরা শুরু থেকেই বলছি, বিসিবি সরকারের অধীনেই কাজ করে।” বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে বর্তমানে তদন্তের বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন বুলবুল। তিনি বলেন, এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না, তবে সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছেন। “অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব। ফাহিম ভাইসহ সংশ্লিষ্টরা দল ঠিক করেছিলেন, প্রস্তুতিও সম্পন্ন ছিল। কোথায় খেলবে, না খেলবে—সব ঠিক ছিল,” যোগ করেন তিনি।

এদিকে বোর্ডের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে কোনো সংকট নেই বলেই দাবি করেন বিসিবি সভাপতি। তার ভাষায়, বোর্ড স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে। জাতীয় দল নিয়মিত খেলছে এবং নারী দল শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। “আমি কোথাও কোনো সংকট দেখছি না। এটি একটি নির্বাচিত কমিটি, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড কার্যক্রম চালিয়ে যাচ্ছে,” বলেন বুলবুল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...