Logo Logo

বাড়ি ভর্তি ভারতীয় চোরাই পণ্যে, অভিযানে ৫ লাখ টাকার প্রসাধনীসহ মালামাল জব্দ


Splash Image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায় একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও সাবানসহ বিভিন্ন প্রসাধনী ও নিত্যব্যবহার্য সামগ্রী। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় তাদের সহযোগিতা করে দুর্গাপুর থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, অভিযানের সময় বাড়িতে তার স্ত্রী ও ছোট শিশু সন্তানকে পাওয়া যায়। মানবিক দিক বিবেচনায় এবং পরিবারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...