Logo Logo

চাটখিলে ২ যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ১ জন


Splash Image

নোয়াখালীর চাটখিলে পৃথক সন্ত্রাসী হামলায় ফয়েজ মোল্লা (৩২) ও কামাল হোসেন (৪৫) নামের দুই যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে এসব হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফয়েজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, চাটখিলের শংকরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে ও স্থানীয় যুবদল নেতা ফয়েজ মোল্লা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনে অতর্কিত হামলার শিকার হন। একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এলাকাবাসীর দাবি, ফয়েজ মোল্লা এলাকায় অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তার এই প্রতিবাদী ভূমিকা এবং রাজনৈতিক অবস্থান দলের একটি পক্ষ সহজভাবে নিতে পারছিল না বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, একই রাতে পারিবারিক শত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছেন কামাল হোসেন নামে আরেক যুবদল নেতা। তিনি ছোটজীব নগর গ্রামের আব্দুর রবের ছেলে। প্রতিপক্ষ গ্রুপের হামলায় আহত হয়ে তিনি বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কামালের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় রাজনৈতিক ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরে আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা বাড়ছে, যা তৃণমূলের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...