বিজ্ঞাপন
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় যশোর জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জামায়াত এমন প্রার্থীদেরই খুঁজছে যারা দেশ ও জাতির কথা বলিষ্ঠভাবে তুলে ধরতে সক্ষম। তিনি মন্তব্য করেন, ক্রিকেট বোর্ডের মতো কোনো প্রার্থী তারা দেবে না এবং তালিকা প্রকাশ পেলেই দেশবাসী এর প্রমাণ পাবে।
জামায়াতের জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে মোবারক হোসেন জানান, তাদের প্রতিনিধিদের প্রশিক্ষিত করার জন্য একটি বিশেষ সেল সার্বক্ষণিকভাবে কাজ করে। এর মূল লক্ষ্য হলো সংসদ ও সংসদের বাইরে জনগণের বঞ্চনার কথাগুলো সঠিকভাবে তুলে ধরা। রাষ্ট্রকাঠামো সংস্কারের বিভিন্ন স্তরে জামায়াত সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দলটির পক্ষ থেকে ‘ছায়া মন্ত্রিসভার’ প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।
বিরোধী দলীয় প্রতিনিধিদের জন্য বরাদ্দ প্রাপ্তি এবং প্রশাসনিক অসহযোগিতার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে এই জামায়াত নেতা অভিযোগ করেন, বিরোধী জনপ্রতিনিধিরা প্রায়ই বিভিন্ন বাধার মুখে পড়েন। তবে জামায়াতের এমপিরা যাতে প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে না পড়েন, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদে জোরালো দাবি জানানো হচ্ছে। পাশাপাশি জনসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা হচ্ছে।
গণমাধ্যমের গুরুত্বারোপ করে মোবারক হোসেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি শক্তিশালী ছবি বা প্রতিবেদন দেশে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। রাষ্ট্র সংস্কার ও সুশাসনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অপরিসীম। তাই জাতীয় সংকটে সংবাদকর্মীদের নিজ নিজ বিবেক ও বুদ্ধি প্রয়োগ করে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন এবং প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...