বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে ড্রাইভার ইছরাফিল হোসেন ও হেল্পার আবু বক্কর ঢাকা থেকে পঁচিশ লক্ষ এগারো হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ লিটার পাম অয়েল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। ১৩ এপ্রিল মধ্যরাতে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ নিয়ে ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। ডাকাতরা ড্রাইভার ও হেল্পারকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এবং হাত-পা ও চোখ বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর সার্কেলের এএসপি মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে। এরপর নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আজিজুল (৩১) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মোখলেস (৩৩)।
অভিযানে লুণ্ঠিত ট্রাক এবং তেল বিক্রির নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ডাকাতদের হেফাজত থেকে বাংলাদেশ পুলিশের খোয়া যাওয়া ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস সেল, ১টি ব্যাটন এবং ১টি হেলমেট উদ্ধার করেছে পুলিশ।
এএসপি মো. সালাহ উদ্দিন কাদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট এবং এ ধরনের কঠোর অভিযান সামনে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...