Logo Logo

শান্তর সেঞ্চুরি ও মুস্তাফিজের ফাইফারে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ


Splash Image

প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করলেও দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের অঘোষিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে কিউইদের নাস্তানাবুদ করেছে টাইগাররা।


বিজ্ঞাপন


টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তৃতীয় উইকেটে সৌম্য সরকারও (১৮) থিতু হতে পারেননি। তবে চতুর্থ উইকেটে লিটন কুমার দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত। এই জুটি ১৬০ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

লিটন দাস ৭৬ রান করে আউট হলেও শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ১১৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো শান্তর ১০৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ও’উরকে একাই শিকার করেন ৩ উইকেট।

২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারেই হেনরি নিকোলসকে সাজঘরে পাঠিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন মুস্তাফিজুর রহমান। এরপর তরুণ পেসার নাহিদ রানা তুলে নেন উইল ইয়াংকে (১৯)। দলীয় ৬১ রানের মাথায় অধিনায়ক টম ল্যাথামকে (৫) মিরাজ বিদায় করলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।

মাঝপথে নিক কেলি (৫৯) ও মোহাম্মদ আব্বাস (২৫) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও মুস্তাফিজের গতির কাছে পরাস্ত হন তারা। এরপর ডিন ফক্সকর্ফট ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল থামাতে পারেননি। ৪৪.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। এছাড়া শরিফুল ইসলাম ও মেহেদী মিরাজ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ: ২৬৫/৮ (৫০ ওভার); শান্ত ১০৫, লিটন ৭৬, মিরাজ ২২। ও’উরকে ৩/৫৩।

নিউজিল্যান্ড: ২১০/১০ (৪৪.৫ ওভার); ফক্সকর্ফট ৭৫, কেলি ৫৯। মুস্তাফিজ ৫/৩০।

ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।

সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...