Logo Logo

ক্রিকেটের ‘ক্রেজে’ ভাটা পড়ার দায় আমাদেরই: তাওহীদ হৃদয়


Splash Image

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহীদ হৃদয়। ব্যাটিং অর্ডারের অদলবদল সত্ত্বেও ধারাবাহিকতা বজায় রেখে রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষে এবার হৃদয়ের মনোযোগ ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এবারের আসরে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাবেন এই তরুণ ব্যাটার।


বিজ্ঞাপন


আজ রোববার (৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের উন্নতি এবং ক্রিকেটের প্রতি দর্শকদের বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন হৃদয়।

ক্যারিয়ারের ভালো সময়ে থাকলেও নিজেকে প্রতিনিয়ত ঘষেমেজে নেওয়ার মানসিকতা হৃদয়ের। নিজের ব্যাটিং উন্নতি নিয়ে তিনি বলেন, "শিক্ষার তো আসলে কোনো শেষ নেই। প্রত্যেকটা দিন সবাই চেষ্টা করে কিছু না কিছু শেখার জন্য। আমিও তাই করছি। নিজের ব্যাটিংয়ের উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করছি এবং প্রতিদিন নতুন কিছু যোগ করার চেষ্টা করছি।"

ক্রিকেটের চাপকে নেতিবাচকভাবে নিতে নারাজ এই মিডল অর্ডার ব্যাটার। তার মতে, পারফর্ম করার চ্যালেঞ্জই একজন খেলোয়াড়কে তৈরি করে। হৃদয় বলেন, "চাপের কিছু নেই। জীবনের সব জায়গাতেই চাপ থাকে। কিন্তু সেই চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন এবং কতটুকু দলকে দেবেন, সেটাই একজন খেলোয়াড় হিসেবে আসল চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটুকু নিতে পছন্দ করি।"

বর্তমানে ক্রিকেটের প্রতি দর্শকদের উন্মাদনা বা ‘ক্রেজে’ কিছুটা ভাটা পড়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে বেশ সোজাসাপ্টা কথা বলেছেন হৃদয়। নিজের ব্যর্থতা বা দায় স্বীকার করে তিনি বলেন, "সবকিছুই আসলে রিজিকের ওপর। তবে আমার কাছে মনে হয় আগে যে ক্রেজটা ছিল, এখন হয়তোবা একটু হলেও কমেছে। অবশ্য আমি ভুলও হতে পারি। তবে এই আগ্রহ কমার পেছনে হয়তোবা আমাদেরই দায় আছে। আমরা দল হিসেবে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছি না বলেই হয়তো দর্শকরা আগের মতো সাড়া দিচ্ছেন না।"

আগামী কয়েক দিনের মধ্যেই ডিপিএল-এর লড়াইয়ে মোহামেডানের জার্সিতে দেখা যাবে এই রান মেশিনকে। ভক্তদের প্রত্যাশা, ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে দর্শকদের সেই হারিয়ে যাওয়া উন্মাদনা আবারও ফিরিয়ে আনবেন হৃদয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...