Logo Logo

মুশফিককে ছাড়িয়ে ইতিহাস গড়লেন শান্ত, পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন টাইগারদের


Splash Image

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ড ভাঙা সেঞ্চুরি আর মুমিনুল হকের লড়াকু নব্বই ঊর্ধ্ব ইনিংসের ওপর ভর করে মিরপুর টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বোলারদের শুরুর দাপট সামলে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানের বড় সংগ্রহ তুলেছে স্বাগতিকরা।


বিজ্ঞাপন


সকালে মিরপুরের উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতেই ধাক্কা খায় টাইগাররা; মাত্র ১৯ বলে ৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এই উইকেটের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন। এরপর ১৩ রান করা সাদমান ইসলামকে বিদায় করেন হাসান আলী।

দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হক। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ না দিয়ে এই দুজন গড়েন ১৭০ রানের বিশাল জুটি।

শান্ত মাত্র ১২৯ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চম শতক, যার মাধ্যমে তিনি মুশফিকুর রহিমকে (৩৪ ম্যাচে ৪ সেঞ্চুরি) ছাড়িয়ে বাংলাদেশের সফলতম সেঞ্চুরিয়ান অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেন। শান্তর ১০১ রানের ঝকঝকে ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ২টি ছয়ে।

শান্ত ফিরে গেলেও অবিচল ছিলেন মুমিনুল হক। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আরও ৭৫ রান যোগ করেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউর শিকার হলে স্বপ্নভঙ্গ হয় তার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি; ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ‘পকেট ডায়নামো’কে।

দিনের বাকি অংশটুকু লিটন দাসকে সঙ্গে নিয়ে নিরাপদে পার করে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত আছেন মুশফিক এবং ৮ রানে খেলছেন লিটন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস একটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...