বিজ্ঞাপন
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই নিজের দখলে রেখেছিলেন মুশফিকুর রহিম। চলমান সিলেট টেস্টে তাঁর সামনে সুযোগ ছিল ১৬ হাজারের ম্যাজিক ফিগার ছোঁয়ার। প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিজের চেনা ছন্দে খেলতে থাকেন। টেস্টের তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৯০ রানে অপরাজিত থাকা অবস্থাতেই তিনি এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের বর্তমান রান সংখ্যা ১৬,০১১। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি সবার শীর্ষে অবস্থান করছেন। প্রায় ৩৫ গড়ে মোট ৪৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বমঞ্চে লাল-সবুজের জার্সিতে মুশফিক এখন পর্যন্ত ২২টি সেঞ্চুরি ও ৮৫টি হাফ সেঞ্চুরির মালিক।
মুশফিকুর রহিমের পর রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে ৩৫.৪৫ গড়ে তামিমের সংগ্রহ ১৫,১৯২ রান (২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি)। তালিকার পরবর্তী অবস্থানগুলো যথাক্রমে: সাকিব আল হাসান: ১৪,৭৩০ রান, মাহমুদউল্লাহ রিয়াদ: ১১,০৪৭ রান, লিটন কুমার দাস: ৮,৮৪১ রান।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ৪৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ, যেখানে দলের হাল ধরে আছেন মাইলফলক স্পর্শ করা মুশফিকুর রহিম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...