বিজ্ঞাপন
নেইমারকে সেলেসাওদের বিশ্বকাপ দলে রাখা উচিত কি না—এই প্রশ্নে স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন ব্রাজিলের ফুটবল সমর্থকরা। সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জি ই’ (GE) একটি অনলাইন জরিপ পরিচালনা করে। সেখানে দেখা গেছে, খুব অল্প ব্যবধান হলেও নেইমারকে দলে ‘না’ রাখার পক্ষেই রায় দিয়েছেন বেশির ভাগ সমর্থক।
জরিপটিতে মোট ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৩টি। এর মধ্যে ৫০ দশমিক ৭৯ শতাংশ (৬৭,৪০৬ জন) সমর্থক মনে করেন নেইমারকে বিশ্বকাপ দলে রাখা উচিত নয়। অন্যদিকে, তাকে সেলেসাও জার্সিতে বিশ্বমঞ্চে দেখতে চান ৪৯ দশমিক ২১ শতাংশ (৬৫,৩১৭ জন) ফুটবল অনুরাগী।
ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির পাঠানো ৫৫ সদস্যের প্রাথমিক দলে নেইমারের নাম ছিল, যা গত সপ্তাহে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পাঠানো হয়েছিল। তবে আজ সোমবার (১৮ মে) মধ্যরাতে সেই তালিকা থেকে কেটেছেঁটে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন তিনি। দীর্ঘদিনের ইনজুরি ও ফর্মহীনতার কারণে নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তা দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
আজ মধ্যরাতেই অবসান ঘটতে যাচ্ছে সব জল্পনা-কল্পনার। নেইমার কি পারবেন তাঁর শেষ বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ) মিশন সফল করতে দলের সঙ্গী হতে, নাকি সমর্থকদের আশঙ্কাই সত্যি হবে—তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...