বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত এই ছুটি শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন)। তবে এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে।
শিক্ষাপঞ্জির হিসাব অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের এক দীর্ঘ অবকাশ ভোগ করেছে। গত ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস এবং পরদিন ২২ মে শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত সেদিন থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।
তবে সাধারণ স্কুল-কলেজের তুলনায় দেশের মাদ্রাসাগুলোতে এই ছুটি আরও দীর্ঘ হচ্ছে। দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোর ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সব মিলিয়ে প্রায় ২৩ দিনের একটি দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ পাচ্ছে।
জুন মাসে স্কুল-কলেজ ও মাদ্রাসা খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে একদিনের ছুটি রয়েছে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ছুটি রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...