বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)।
ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকাগামী বিআরটিসি (BRTC) পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ঠিক একই সময়ে পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘হিমেল সীমান্ত পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে দুটি বাসেরই সম্মুখ ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত অমিতাভ ও কামালকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পথে তারা দুইজনেই মারা যান। এস.আই মো. সোহেল খান আরও জানান, চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...