Logo Logo

হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল


Splash Image

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় ভক্তদের মনে কিছুটা হতাশা তৈরি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শিবিরে। তবে মাঠের সেই হতাশা কাটিয়ে মাঠের বাইরে এক বড় সুখবর পেল কার্লো আনচেলত্তির দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের দল।


বিজ্ঞাপন


বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবলে র‌্যাঙ্কিংয়ের এই বড় রদবদল ঘটলো। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ভাগ্য সহায় ছিল ব্রাজিলের। অন্যদিকে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফলে পর্তুগিজরা পাঁচ থেকে সরাসরি সাত নম্বরে নেমে যাওয়ায় টেবিলের পাঁচ নম্বর স্থানটি দখলে নিয়েছে সেলেসাওরা। একই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের বোনাস পেয়ে এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে মরক্কোও।

টেবিলের রাজত্ব অবশ্য এখনো লিওনেল মেসির আর্জেন্টিনার হাতেই রয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬। তবে আলবিসেলেস্তেদের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। সেনেগালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফরাসির দল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

কেপ ভার্দের সঙ্গে ড্র করে বড় মাশুল গুনেছে স্পেন, এক ধাপ পিছিয়ে তারা নেমে গেছে তিন নম্বরে। তবে ইংল্যান্ড (৪র্থ) এবং নেদারল্যান্ডস (৮ম) তাদের আগের অবস্থান ধরে রাখতে পেরেছে। শীর্ষ দশে বড় পরিবর্তন এসেছে জার্মানি ও বেলজিয়ামের অবস্থানে। এক ধাপ এগিয়ে জার্মানি এখন নবম স্থানে, আর পিছিয়ে গিয়ে বেলজিয়াম অবস্থান করছে ১০ নম্বরে।

এছাড়া কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ১১ নম্বরে এবং মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। বড় ধাক্কা খেয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ডের কাছে হেরে তিন ধাপ পিছিয়ে তারা এখন ১৪ নম্বরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে ১৫ নম্বরে এবং এশিয়ার পরাশক্তি জাপান এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে অবস্থান করছে।

র‌্যাঙ্কিংয়ের এই সুখবর ব্রাজিল শিবিরে নিশ্চিতভাবেই বাড়তি টনিক হিসেবে কাজ করবে। আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। হেক্সা মিশনের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সেলেসাওদের সামনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...