Logo Logo

৩ বছরেও প্রথম সেমিস্টার পার হতে পারেননি ববি ছাত্রদল নেতা তামিম!


Splash Image

তিন বছর ধরে চেষ্টা করেও প্রথম সেমিস্টারের গণ্ডি পেরোতে পারেননি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। একাডেমিক বিধিমালা অনুযায়ী ন্যূনতম জিপিএ না পাওয়ায় দীর্ঘ তিন বছর যাবৎ প্রথম বর্ষেই আটকে আছেন এই ছাত্রনেতা।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুযায়ী, কোনো শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে হলে ন্যূনতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হয়। কিন্তু তামিমের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, তিনি এখন পর্যন্ত প্রথম সেমিস্টারের জিপিএ ২.০০-এর কোটা একবারও স্পর্শ করতে পারেননি। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা পরপর তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রয়োজনীয় ফল অর্জন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

বর্তমানে ফয়সাল আহমেদ তামিম ববি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্যাম্পাসে সহ-সাধারণ সম্পাদক রাফি সিকদারের অনুসারী হিসেবে পরিচিত। তবে স্থানীয় ও ক্যাম্পাস সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিলেন। সরকারের পটপরিবর্তনের পর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়া এবং একই সাথে একাডেমিক এই করুণ দশা নিয়ে ক্যাম্পাসে বেশ গুঞ্জন চলছে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ফয়সাল আহমেদ তামিম বলেন, "প্রথম সেমিস্টারে ব্যক্তিগত কারণে পরীক্ষায় অংশ নিতে পারিনি। এরপর পরপর দুইবার পরীক্ষা দিলেও অসুস্থ থাকার কারণে উত্তীর্ণ হতে পারিনি।" পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেমিস্টার ড্রপ কাটাতে এবং পড়াশোনা নিয়মিত করতে বিভাগে খুব দ্রুতই যোগাযোগ করবেন।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবু জিহাদ বলেন, “ফয়সাল পড়াশোনায় খুবই দুর্বল হওয়ায় তিনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। তাকে একাধিকবার পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাধারণত পরপর তিন বছর পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে না (ছাত্রত্ব বাতিল হয়)। তারপরও আমি তাকে বিশেষ আবেদন করতে বলেছিলাম, যাতে বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করে বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো যায়। কিন্তু সে বিষয়েও সে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...