Logo Logo

বিক্ষোভ সমাবেশে শিবির সভাপতি

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে


Splash Image

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।


বিজ্ঞাপন


রোববার (২১ জুন) রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী শাখা এ কর্মসূচির আয়োজন করে।

রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, গাইবান্ধায় সাইফুল্লাহ বারীর ওপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। তিনি এ ঘটনার জন্য বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শিবির সভাপতি বলেন, সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের সমালোচনা করে বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন দেশটি তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, মাঠঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে তারা দখলদারি ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ তাদের ওপর চরমভাবে বিরক্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...