Logo Logo

আ.লীগ আমলে গুম-খুনের বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ


Splash Image

ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। রাজধানীর বিজয়নগরে বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


বিজ্ঞাপন


এছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১–দলীয় ঐক্য।

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় একই স্থানে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, বিচারপ্রক্রিয়ায় শিথিলতার কারণে দেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও হামলার ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ১১–দলীয় ঐক্য অবস্থান নিলে সরকারি দলের লোকজন তাদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেন, রাজধানীর সমাবেশ থেকে হামলা, খুন ও নৃশংসতার বিচার দাবি জানানো হবে। একই সঙ্গে সরকারের ব্যর্থতা ও ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ৪ জুলাই জেলা পর্যায়ের কর্মসূচিতেও গুম ও খুনের বিচারের দাবি উত্থাপন করা হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও প্রতিবাদ ও দাবি জানানো হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...