Logo Logo

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‌্যালি ও আলোচনা সভা


Splash Image

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন বিশ্বব্যাপী জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন’-এর (বিওয়াইএফসিএন) যৌথ উদ্যোগে একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

এ সময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে আরও সচেতন হতে হবে। মাদকের অপব্যবহার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিওয়াইএফসিএন-এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস ও প্রোগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন বিওয়াইএফসিএন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...