বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন, মো: সুজন মোল্লা(২৮), চাকরিচ্যুত সেনা সদস্য (সর্বশেষ কর্মস্থল: ঘাটাইল সেনানিবাস, টাঙ্গাইল)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গায়েন্দার গ্রামের তৈয়ব মোল্লার ছেলে। মো: লিমন মিয়া (৩৫), চাকরিচ্যুত পুলিশ সদস্য (সর্বশেষ কর্মস্থল: সদরপুর থানা, ফরিদপুর)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার নোহাটা গ্রামের মো: ফারুক মিয়ার ছেলে। মো: সাকায়েত মুন্সী (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর থানার খান্দারপাড় গ্রামের মৃত সাকেম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, গত ১২ জুন ২০২৬ তারিখ দুপুরে রাজৈর থানাধীন সাধুর ব্রিজের পূর্ব ঢালে ভুক্তভোগী চালক তাঁর সবুজ রঙের ব্যাটারিচালিত ইজিবাইক (আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা) নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘থানার মোড়’ যাওয়ার জন্য ইজিবাইকটি ভাড়া করেন।
ইজিবাইকটি থানার মোড়ে পৌঁছালে সেখানে অপর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে ওঠেন এবং ‘আসামী ধরার অভিযান পার্টি’র কাছে যাওয়ার কথা বলে ইজিবাইকটি মজুমদারকান্দি এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছে চালককে ইজিবাইক থেকে নেমে কিছুটা সামনে ব্রিজের কাছে যেতে বলা হয়। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে আরও দুই সহযোগী সেখানে হাজির হন। সুযোগ বুঝে চক্রের একজন ইজিবাইকটি নিয়ে দ্রুত চম্পট দেয় এবং বাকিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। চালক ইজিবাইকের কাছে ফিরে এসে দেখেন তাঁর গাড়িটি চুরি হয়ে গেছে।
পরবর্তীতে ইজিবাইক চালক রাজৈর থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় তদন্ত শুরু হয়। মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ইউনুচ মোল্লাসহ রাজৈর থানা ও ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান ও পরিচয় শনাক্ত করে। এরপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাকরিচ্যুত এই সাবেক সেনাসদস্য ও পুলিশ সদস্যরা মিলে একটি শক্তিশালী অপরাধ চক্র গড়ে তুলেছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৬ থেকে ৮টি করে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...