বিজ্ঞাপন
চলমান ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬) ওঠার বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী পর্তুগাল ও ক্রোয়েশিয়া। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী কাল শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায়।
গ্রুপ পর্বের খেলায় ‘কে’ গ্রুপে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে লুকা মদ্রিচের ক্রোয়াটরা ছিল ‘এল’ গ্রুপে। দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে। গ্রুপপর্বে এক জয় ও দুই ড্রয়ে পর্তুগালের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। আর তিন ম্যাচে দুটি জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট অর্জন করে নকআউটে পা রাখে ক্রোয়েশিয়া।
মাঠের লড়াই শুরুর আগে শক্তিমত্তা কিংবা ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে ক্রোয়েশিয়ার চেয়ে বেশ খানিকটা এগিয়েই থাকবে পর্তুগাল। ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ফিফা র্যাংকিংয়ের আট নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। সেখানে ক্রোয়াটদের অবস্থান কিছুটা পিছিয়ে ১৩ নম্বরে।
আন্তর্জাতিক ফুটবলে দুদল এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে মোট ১০টি ম্যাচে মাঠে নেমেছে। হেড-টু-হেড পরিসংখ্যানে ক্রোয়াটদের চেয়ে একচ্ছত্র আধিপত্য পর্তুগালের। ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই শেষ হাসি হেসেছেন রোনালদোরা। অন্যদিকে ক্রোয়েশিয়া জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে, বাকি দুটি ম্যাচ অমীমাংসিত বা ড্র হয়। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের ১৮ নভেম্বরে উয়েফা নেশনস লিগের ম্যাচে; সেই লড়াইটি ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছিল।
এদিকে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘অপ্টা সুপারকম্পিউটার’-এর হিসাবেও আগামীকালের ম্যাচে ফেবারিট হিসেবে শেষ হাসি হাসবে পর্তুগালই। অপ্টা-র ডাটা অ্যানালাইসিস বলছে, এই ম্যাচে পর্তুগালের সরাসরি জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ। বিপরীতে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৯.৬ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার (যা অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়াবে) সম্ভাবনা ২৩.৭ শতাংশ।
রোনালদো নাকি মদ্রিচ—কার হাত ধরে শেষ ১৬-র টিকিট কাটবে দল, এখন সেই রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল ভক্ত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...