ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ‘অ্যাসপারজিলাস’ নামের এক ধরনের ছত্রাক উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়ার নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এই ছত্রাক ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে ‘অ্যাসপারজিলোসিস’ নামে প্রাণঘাতী রোগ সৃষ্টি করে।
গবেষকদের মতে, সাধারণত এই ছত্রাকের স্পোর সুস্থ মানুষের শরীর প্রতিরোধ করতে সক্ষম হয়। তবে হাঁপানি, সিওপিডি, ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপনকারী রোগী বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি মারাত্মক হতে পারে।
গবেষণার সহ-লেখক নর্মান ভ্যান রেইন বলেন, শরীরের প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ হলে ছত্রাক শরীরের ভেতরে বৃদ্ধি পেতে থাকে এবং কার্যত ‘ভেতর থেকে খেতে শুরু করে’। অ্যাসপারজিলোসিসে মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বাড়লে ‘অ্যাসপারজিলাস ফিউমিগেটাস’ ২১০০ সালের মধ্যে প্রায় ৭৭ শতাংশ বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু ইউরোপেই প্রায় ৯০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়তে পারেন।
অন্যদিকে ‘অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস’ উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ার নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই ছত্রাক শুধু মানুষের শরীরেই নয়, খাদ্যশস্যেও সংক্রমণ ঘটায় এবং অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাসকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ছত্রাক হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ২০ হাজারের বেশি অ্যাসপারজিলোসিস সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, প্রতি বছর এ রোগের সংক্রমণ গড়ে প্রায় ৫ শতাংশ হারে বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছত্রাকজনিত রোগ সম্পর্কে এখনো মানুষের সচেতনতা কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের সংক্রমণ আরও বাড়তে পারে। তাই দ্রুত গবেষণা, নজরদারি এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা জরুরি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...