বিজ্ঞাপন
ফেসবুকে মানুষের ব্যক্তিগত ছবি, ভিডিও, পোস্ট ও স্মৃতি জমা থাকে। ব্যবহারকারীর মৃত্যুর পর এসব তথ্যের কী হবে, তা নির্ধারণে দুটি বিকল্প রয়েছে।
স্মৃতি হিসেবে থাকবে প্রোফাইল
কোনো ব্যবহারকারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার ফেসবুক প্রোফাইল স্মৃতিমূলক বা ‘মেমোরিয়ালাইজড’ করা যেতে পারে। তখন নামের পাশে ‘রিমেম্বারিং’ লেখা দেখা যায়। আগের ছবি, পোস্ট ও অন্যান্য কনটেন্ট প্রাইভেসি সেটিংস অনুযায়ী দৃশ্যমান থাকে। তবে ওই অ্যাকাউন্টে আর লগইন করা যায় না। জন্মদিনের নোটিফিকেশন ও বন্ধুর পরামর্শেও প্রোফাইলটি দেখানো হয় না।
প্রোফাইল দেখভাল করবেন যিনি
ব্যবহারকারী চাইলে জীবিত অবস্থায় একজন বিশ্বস্ত ব্যক্তিকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ হিসেবে নির্বাচন করতে পারেন। প্রোফাইলটি স্মৃতিমূলক হওয়ার পর ওই ব্যক্তি কভার ছবি পরিবর্তন, গুরুত্বপূর্ণ পোস্ট পিন এবং বন্ধুত্বের অনুরোধ গ্রহণের মতো নির্দিষ্ট কাজ করতে পারবেন। তবে তিনি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না।
স্থায়ীভাবে মুছবেন যেভাবে
মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের সব তথ্য মুছে ফেলতে চাইলে আগে থেকেই ‘ডিলিট আফটার ডেথ’ বিকল্পটি নির্বাচন করতে হবে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।
যেভাবে সেটিংস পরিবর্তন করবেন
ফেসবুকের সেটিংসে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন। এরপর অ্যাকাউন্ট ব্যবস্থাপনা বা মেমোরিয়ালাইজেশন-সংক্রান্ত অপশনে গিয়ে পছন্দের সিদ্ধান্ত নির্ধারণ করুন। মেটার নতুন সেটিংস সবার অ্যাকাউন্টে এখনো নাও থাকতে পারে।
তাই নিজের ব্যক্তিগত স্মৃতি সংরক্ষণ করবেন, নাকি মৃত্যুর পর অ্যাকাউন্ট মুছে ফেলবেন, তা আগেই ঠিক করে রাখা ভালো।
সূত্র : ফেসবুক
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...