Logo Logo

শিবচরে বিনামূল্যে গাভী পেল হতদরিদ্র ৬ পরিবার


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছয়টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের গাভী লালন-পালন, পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে বাঁশকান্দী ইউনিয়নের ছয়টি হতদরিদ্র পরিবারের হাতে ছয়টি গাভী তুলে দেওয়া হয়।

গাভী বিতরণের পাশাপাশি উপকারভোগীদের গাভীর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ উপকারভোগীদের গাভী পালনকে আরও কার্যকর ও লাভজনক করে তুলতে সহায়ক হবে।

এ কর্মসূচির আওতায় গাভীপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— ফরিদা খাতুন, মো. কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া ও লতা বেগম।

অনুষ্ঠানে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গাভীগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

সভাপতির বক্তব্যে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদল বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তিনি জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...