Logo Logo

আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী


Splash Image

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন শেষে পরিস্থিতি সন্তোষজনক মনে করলে হাসপাতালটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। সে কারণেই ঘটনার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, হাসপাতালটির আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি চিহ্নিত করে সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটি দূর করতে প্রয়োজনীয় সংস্কারকাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভুক্তভোগী পরিবারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ফলে মামলার বিষয়ে আদালত ও প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আদ-দ্বীন হাসপাতালকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনরায় পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...