Logo Logo

নবাগতদের বরণে মুখরিত গোবিপ্রবি, স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


ক্লাসের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতার জন্য শুভকামনা জানান।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি এবং শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তারা শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীরা পরিবার ছেড়ে অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তবে তারা কোনোভাবেই একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, মনোযোগসহকারে পড়াশোনা করে শিক্ষার্থীরা যেন পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে—সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানও নবীনদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে তারা নির্দ্বিধায় তার সঙ্গে যোগাযোগ করতে পারবে।

নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক অভ্যর্থনা ও সহযোগিতার আশ্বাসে শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...